Abstract
প্রাচীন লোকসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হল মৃৎশিল্প, যার শেকড় গাঁথা রয়েছে সিন্ধু সভ্যতার ঐতিহ্যে। পোড়ামাটি, পাথর, হার ও অন্যান্য ব্যবহার্য বিভিন্ন শিল্পের মধ্যে প্রাচীনকাল থেকে নানা ধরনের পুতুল, খেলনা ও ছোট ছোট দেব-দেবীর মূর্তি সামাজিকভাবে বহুল-ব্যবহৃত। তবে আদিকালে এই মূর্তি বানানো বা পুতুল বানানোর প্রথা চালু হয় বিশ্বের বিভিন্ন অংশে বিশ্বাস বা জাদু বিশ্বাস থেকে। জাদু বিশ্বাস ধর্ম না হলেও ধর্মের পূর্ব শরিয়া বলা যেতে পারে এবং পরবর্তীকালে এই জাদু-বিশ্বাস ধর্মীয়-বিশ্বাসে রূপান্তরিত হয়। তবে শুধু ধর্ম বিশ্বাস নয়, সামাজিক ব্যবহারেও এসব বহুল আলোচিত পুতুল, খেলনা ও ছোট ছোট দেব-দেবীর মূর্তি আদিকাল থেকে বর্তমান পর্যন্ত পরম্পরায় চলে আসছে। ভারত, পাকিস্তান ও অবিভক্ত বাংলা ও অন্যান্য অংশ নিয়ে গঠিত ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলে প্রাগৈতিহাসিক যুগ থেকে এসব পুতুল, খেলনা, দেব-দেবীর ছোট মূর্তি সামাজিক ও ধর্মীয় বিশ্বাস থেকেই তৈরি হয়েছে। প্রাগৈতিহাসিক ও সিন্ধু সভ্যতার কালে এর সঙ্গে আরো অঞ্চল যুক্ত ছিল। তাই এসকল জায়গাতে প্রায় একই ধরনের শিল্পরীতি দেখতে পাওয়া যায়। লোকজ শিল্পের সাথে ধর্মীয় চিন্তার বিকাশে মাটির তৈরি দেব-দেবতার মূর্তি, পুতুল ও খেলনা তৈরি আদিমকাল থেকেই চলে আসছে। প্রাচীন বাংলার সাধারণ মানুষের জীবনচর্চা, ধর্মীয় বিশ্বাস এবং সৃজনশীলতার প্রতিফলন ঘটেছে এই মাটির শিল্পকর্মে।